নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত এবং আরও চার শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৮ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানায়। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলী। ড. সাদেকা হালিমের বিরুদ্ধে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অভিযোগ রয়েছে। অপর দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ও তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সভায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি কার্যক্রম, প্রশাসন ও সরকারবিরোধী অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান এবং হুমকি প্রদানের অভিযোগে অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বিভাগের অনিয়ম ও গবেষণাপত্রে সাদৃশ্যজনিত চৌর্যবৃত্তির অভিযোগে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত শিক্ষক নিয়োগের অনিয়ম পর্যালোচনায় এবং ‘হেকেপ’ প্রকল্পের গবেষণা কার্যক্রম ও অর্থ ব্যবহারের বিষয়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।