আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (১ আগস্ট), ২০২৬ | বিকাল ৩টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৬২তম এমবিবিএস ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের শপথ বাক্য পাঠ করানো হয়। চিকিৎসা পেশাকে মানবসেবার মহৎ অঙ্গীকার হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী নবীনদের সততা ও নৈতিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। নবীন চিকিৎসকদের সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আশা করি, নবীন চিকিৎসকরা দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে নবীন ইন্টার্ন চিকিৎসকদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সফল কর্মজীবনের জন্য শুভকামনা করা হয়।