ক্যাম্পাস প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ছাত্র শিবিরের একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হলে ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজনও অংশ নিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে জিআই পাইপ ছিল, যার মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল।
এছাড়া বেশ কয়েকজনের হাতে লাঠিও দেখা যায় বলে তারা দাবি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রদলের দাবি, সংঘর্ষ চলাকালে তারা কয়েকজন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজন বহিরাগতকে আটক করে নিজেদের হেফাজতে নেন বলে প্রশাসন-সংশ্লিষ্ট সূত্র জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে প্রাথমিকভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পুলিশ ক্যাম্পাসে পৌঁছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষে শিবির হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়।