ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ শহীদুল হক মানিক মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে নবীনগর উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে তিনি একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর চারগাহ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে নারায়ণপুর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শহীদুল হক মানিকের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শহীদুল হক মানিকের অবদান নবীনগরের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।