নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের শুরুর দিকে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পেতে পারেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, জুলাই মাসের বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) এজি অফিসে পাঠানো হয়েছে। এজি অফিসের অনুমোদন শেষে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে বেতনের অর্থ পাঠানো হবে। তবে বৃহস্পতিবারের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা কম।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষা মন্ত্রণালয় জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং তা ইতোমধ্যে এজি অফিসে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক-কর্মচারীরা দ্রুতই তাদের বেতন-ভাতা পাবেন।
প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকে বেতন-ভাতার অর্থ পাঠানো হয়।
সরকারের চালু করা ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ করা হয়েছে।