প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১১ আগস্ট), বিকেল ৪টা ২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকের কাছে রাখা আটটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন হাসপাতালের মূল ভবনে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে প্রথমে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাশে রাখা মোটরসাইকেলগুলোতে আগুন ধরে যায়।
ঘটনার সময় হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুরজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, আগুনে আটটি মোটরসাইকেল পুড়ে গেছে, যার মধ্যে হাসপাতালের স্টাফদের ব্যবহৃত মোটরসাইকেলও রয়েছে। তবে কোনো রোগী বা হাসপাতালের চিকিৎসক-কর্মচারী হতাহত হননি।
ঘটনার পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ এবং জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে কীভাবে লিকেজ বা বিস্ফোরণ ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।