বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ও অনাপত্তি সনদ (এনওসি) ছাড়াই ভারত ভ্রমণ এবং দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আরতিবালা বিশ্বাস উপজেলার বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয় সূত্রের দাবি, গত ২৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত টানা ২০ দিন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরে ওই সময়ের হাজিরা একসঙ্গে পূরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
তবে প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেছেন, আরতিবালা দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন। পরীক্ষার কারণে তিনি পরে বিদ্যালয়ে আসতে পারেননি এবং অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনুপস্থিতির বিষয়টি হাজিরা খাতায় সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে আরতিবালা বিশ্বাসের দাবি, প্রধান শিক্ষক বিষয়টি জানতেন এবং তিনি তাকে ছুটি দিয়েছিলেন। তবে টানা ২০ দিনের অনুপস্থিতির পর হাজিরা খাতায় একসঙ্গে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে আরতিবালার একাধিকবার ভারত ভ্রমণের কথা বলা হয়েছে।
এ ছাড়া স্থানীয় কয়েকটি সূত্র তার বিরুদ্ধে অতীতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও করেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হয়নি।
বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।