নিউজ ডেস্ক
সোমবার (১৭ আগস্ট), বিকেল ৩টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। নতুন এই নিয়োগের আগে বর্তমানে কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে। তবে নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। আজকালের মধ্যেই এই বদলি কার্যক্রম শুরু হবে।
বদলির স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি চালু হওয়ার পর তা দেখা যাবে। তিনি জানান, শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী প্রদান শুরু হয়েছে এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি সব ক্ষেত্রেই চলমান রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠান প্রধানের লিখিত পরীক্ষা শেষে আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা বর্তমানে নিরসন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা হবে।