নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট) ২০২৬, বেলা ১১টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৭ আগস্ট) বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে অদ্যাবধি অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বোর্ড।
বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে চিঠিতে বলা হয়, নিয়মিত কমিটি গঠনের পূর্বশর্ত হিসেবে অ্যাডহক কমিটি গঠন করা আবশ্যক। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।