শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), রাত ৯টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈরে চক্ষু হাসপাতালের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক রোগী চক্ষু সেবা গ্রহণ করেন।
কর্মসূচির আওতায় ছানি রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা করা হয়। আয়োজকরা জানান, ‘চোখের ছানি পরীক্ষা কার্যক্রম (আউটরিচ প্রোগ্রাম)’ গাক চক্ষু হাসপাতালের কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা করানোর সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।