লিখন সরকার জয়, জবি প্রতিনিধি
শনিবার (২২ আগস্ট), রাত ৯টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যান্টিনের খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৮২.৪৫ শতাংশ শিক্ষার্থী ক্যান্টিনের খাবারকে ‘খারাপ’ ও ‘অত্যন্ত খারাপ’ হিসেবে চিহ্নিত করেছেন।
জরিপে মোট ৩১৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৫৫ জন (৪৮.৫৯ শতাংশ) খাবারের মানকে ‘খারাপ’ এবং ১০৮ জন (৩৩.৮৬ শতাংশ) ‘অত্যন্ত খারাপ’ বলে মত দেন। অর্থাৎ, মোট ২৬৩ জন শিক্ষার্থী ক্যান্টিনের খাবারের মান নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেন। অন্যদিকে, মাত্র ৫০ জন (১৫.৬৭ শতাংশ) শিক্ষার্থী খাবারের মানকে ‘ভালো’ এবং ১ জন (০.৩১ শতাংশ) ‘অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করেন।
শিক্ষার্থীরা জানান, ক্লাস, পরীক্ষা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের কারণে ক্যাম্পাসের খাবারের ওপর তাদের বড় একটি অংশ নির্ভরশীল। ফলে ক্যান্টিনের খাবারের মান শুধু স্বাদের বিষয় নয়, বরং এটি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। নিয়মিত তদারকির অভাবে খাবারের মান, প্রস্তুতপ্রণালি ও পরিবেশনের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি চলছে বলে অভিযোগ করেন তারা।
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী স্বর্ণালি চন্দ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় স্টুডেন্ট বাজেটে মানসম্পন্ন ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা জরুরি।”
১৮তম আবর্তনের শিক্ষার্থী জায়েদুল আবেদীন বলেন, “প্রশাসনের এ বিষয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। সমস্যার সমাধান কীভাবে করা যায় তা প্রশাসন ভালোভাবেই জানে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে তাদের অনীহা রয়েছে।”
জরিপের এই ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসন জরিপের ফলাফলকে গুরুত্ব দিয়ে ক্যান্টিনের খাবারের মান যাচাই, নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবে। এতে ক্যান্টিন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্থানে পরিণত হবে।