তানভীর আহমেদ / জাককানইবি প্রতিনিধি
সোমবার (২৪ আগস্ট) ২০২৬, রাত ৮:২১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, কবির জীবদ্দশায় তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। নজরুলের স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে একটি করে নজরুলের কোর্স পড়ানো হচ্ছে। কবির সৃষ্টিকর্ম বিভিন্ন ভাষায় অনুবাদ করা হলে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কবির প্রতিটি কথা ও শব্দ গুরুত্বপূর্ণ। তাঁর সৃষ্টিকর্মের যথাযথ প্রচার ও প্রসারে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক আবদুল হাই শিকদারকে ‘নজরুল পদক ২০২৬’ প্রদান করা হয়। অসুস্থতার কারণে নজরুল-শিল্পী শবনম মুশতারী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তাঁর পদক পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া নজরুল জয়ন্তী উপলক্ষে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি প্রবন্ধ পাঠ করা হয়। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সংক্ষিপ্ত পরিসরে নজরুল জয়ন্তী উদযাপন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।