প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২৫ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে আড়ুয়াবর্ণী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে ছয়টি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। সোমবার দুপুরে নিজের সাবেক এই বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।
বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি মো. মেহেদী হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে সংসদ সদস্য বলেন, এই বিদ্যালয়েই তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে। একসময় বিদ্যালয়টি চিতলমারী উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। তিনি বিদ্যালয়টির সেই পুরোনো গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বিদ্যালয়ের ভবন, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ইদ্রিসুর রহমান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজনে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সহসভাপতি মো. সাইদুর রহমান বিশেষ ভূমিকা পালন করেন। সাবেক ছাত্র ও বর্তমান সংসদ সদস্যকে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।