নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, সকাল ১০টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল নগরের মুন্সিগ্যারেজ এলাকায় একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগে মো. জাবেদ নামের এক তরুণকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) রাতে ওই তরুণীদের হাতে মারধরের শিকার হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
ভুক্তভোগী তরুণীদের অভিযোগ, জাবেদ প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাদের বিয়ের আশ্বাস দিতেন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চেয়ে চাপ প্রয়োগ করতেন। এছাড়া এক তরুণী দাবি করেন, জাবেদের পড়াশোনার খরচ, মোটরসাইকেলের কিস্তি ও মুঠোফোন কেনার টাকাও তিনি দিয়েছেন। সম্পর্কের একপর্যায়ে জাবেদ যে একই সঙ্গে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত, তা জানাজানি হলে ভুক্তভোগীরা ক্ষুব্ধ হন।
ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরের বগুড়া রোডের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে আনা হয়। সেখানে তিন তরুণী উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে জাবেদকে মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ভিড় করেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”