জেলা প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামে পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ি গ্রামের হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সফিউর রহমান শুভ (২৩)। হিরা মিয়া মোতালেব মিয়ার ছেলে এবং সফিউর রহমান মিজানুর রহমান মজনুর ছেলে।
নিহতদের স্বজনদের বরাতে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পরীক্ষা শেষে হিরা ও সফিউরসহ নয় বন্ধু তিনটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাতে বাড়ি ফেরার পথে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
ওসি কামাল হোসেন বলেন, “আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হিরা ও সফিউরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পরামর্শ দেন।”
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হিরার মৃত্যু হয়। একই সময়ে শুভকে ডক্টরস ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।