কুবি প্রতিনিধি
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৪৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দাওয়াহ কমিউনিটির উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে দ্বিতীয়বারের মতো সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রাসুলের জীবন, চরিত্র ও দাওয়াতি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত আলোচকরা।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আল হারাম মাদ্রাসার পরিচালক মাওলানা জুহায়ের বিন আব্দুস সাত্তার, লেখক ও দাঈ জাকারিয়া মাসুদ, মুফতি ও মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম এবং পাবলিক স্পিকার আবু মোহাম্মদ রাফিউজ্জামান।
আলোচকরা মহানবী (সা.)-এর দাওয়াতের কৌশল ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা কুরআনের আলোকে মানুষের হৃদয় জয় করে সত্য ও কল্যাণের পথে আহ্বান এবং প্রজ্ঞা ও উত্তম পদ্ধতিতে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাসুল (সা.)-এর দাওয়াতের অন্যতম ভিত্তি তালিম ও তাজকিয়া বা জ্ঞান অর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্র গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
দাওয়াহ কমিউনিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সীরাত সেমিনারের আয়োজন করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে, এই প্রশ্নের উত্তরে মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিমও হযরত মুহাম্মদ (সা.)-কে স্বীকার করেন।”
এই সীরাত সেমিনার আয়োজনের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ভাই-বোনেরা যেন রাসুল (সা.)-এর মহান সীরাত সম্পর্কে জানতে পারে এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নিয়মিতভাবে সীরাত মাহফিল ও কনফারেন্স আয়োজিত হয়ে আসছে, যা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখছে।