প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এজন্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনার আশপাশে জমে থাকা পানি অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষ করে ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, স্কাউট, সামাজিক সংগঠন ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি অভিযান যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা এবং কার্যক্রমের মনিটরিং নিশ্চিত করা গেলে বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।