ববি প্রতিনিধি,আহম্মদ আব্দুল্লাহ
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ক্যাম্পাসে মাদক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নৈরাজ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল। সোমবার রাত নয়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী, গুজব ও অপপ্রচারবিরোধী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল, নৈরাজ্য ও বিভিন্ন ধরনের অপতৎপরতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদক শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।