নিউজ ডেস্ক
রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) রাত ৯টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল ও কলেজের ছুটির তালিকায় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই পরিবর্তনের ফলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করেছে। সংশোধিত প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় এই দিনটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।
ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল। তবে ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।