তাফসিরুল করিম, কুবি প্রতিনিধি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), সকাল ১০টা ২২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক নেতারা বলেন, রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পাশাপাশি অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
ইউনভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পাশাপাশি অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা, ম্যাজিক প্যারাডাইস থেকে শুরু করে উত্তর গন্ধমতি এবং বর্ডার গার্ডের সদর দপ্তর পর্যন্ত বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় আছে। তারা সন্ধ্যার পর মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই, অতি দ্রুত এর বিহিত ব্যবস্থা করা হোক।
ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক শাহাদাৎ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল গেটকে আরও কঠোর নিরাপত্তার আওতায় আনতে হবে। বিকেলে কিছু বহিরাগত মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে ও দ্রুতগতিতে ক্যাম্পাসে প্রবেশ করে। এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পুরো বিশ্ববিদ্যালয়, কুমিল্লা শহরসহ সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।