নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।”
এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।