নিউজ ডেস্ক
শনিবার (২৪ অক্টোবর), রাত ৯টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতের দিল্লির শাহদ্রা জেলার কৃষ্ণনগর এলাকায় একটি স্কুলের ভেতরে নিজের শরীরে আগুন দিয়ে ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সর্বোদয় কন্যা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে।
বিদ্যালয়ের প্রহরী কক্ষের পেছন থেকে ওই ছাত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। কর্মকর্তারা জানান, ওই ছাত্রী নিজের গায়ে পেট্রলের মতো তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তের সময় পুলিশ ওই ছাত্রীর স্কুলব্যাগ থেকে তিন পৃষ্ঠার একটি নোট উদ্ধার করেছে। শিক্ষকদের ভাষ্যমতে, তার ব্যাগ থেকে কিছু সন্দেহজনক বস্তু পাওয়া গেছে, তবে সেগুলোর প্রকৃতি সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
নিহত ছাত্রীর বোন জানায়, সে সকালে হাসিখুশিমনে স্কুলে গিয়েছিল। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে স্কুল থেকে ফোন করে তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। দিল্লি পুলিশ জানায়, ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় বিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।