নিউজ ডেস্ক
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬, বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৯ হাজার ১৩ জন হ্রাস পেয়েছে।
শনিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।
সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছে। এখানে পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। সাধারণ বোর্ডগুলোতেও ছাত্রদের তুলনায় ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাসের সাফল্য দেখিয়েছে।
এ বছর মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছরের তুলনায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে। এছাড়া ৮টি বিদেশ কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন পাস করেছে, যা পাসের হারের দিক থেকে ৯০.৮৭ শতাংশ।