জেলা প্রতিনিধি
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৪৪.৯২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
শনিবার যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, অন্য সব বিষয়ে পাশের হার সন্তোষজনক হলেও ইংরেজিতে খারাপ ফলের কারণে সামগ্রিক পাশের হার কমেছে। এবার ইংরেজিতে ৪৫.০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
বোর্ড সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, এটি ফল বিপর্যয় নয়, বরং সঠিক মূল্যায়ন হয়েছে। সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে ইংরেজিতে পাশের হার কম হওয়ার কারণ উদঘাটন ও সমাধানে বোর্ড কাজ করবে।
গত চার বছরের মধ্যে এবারই পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম। গত বছর যশোর বোর্ডে পাশের হার ছিল ৫০.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
লিঙ্গ ও বিভাগভিত্তিক ফলাফল
এবারের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় দিক থেকেই মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৫০.৩০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৭০ জন। অন্যদিকে ছেলেদের পাশের হার ৩৯.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৫৮ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাশের হার ৭০.০৪ শতাংশ, যা অন্য বিভাগের তুলনায় সর্বোচ্চ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৪.৬৮ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭.৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।