আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ১৪.৩৪ শতাংশীয় পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও হ্রাস পেয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এই ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
এবার ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৩৭.৭১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৩.০৩ শতাংশ। এছাড়া এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন।
গত বছর (২০২৫) রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার ১৪.৩৪ শতাংশীয় পয়েন্ট কমেছে। এবার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এবং ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।