জেলা প্রতিনিধি, গাজীপুর
৩১ অক্টোবর ২০২৬, রাত ৮টা ২৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাসের হার ৯৯.৭২ শতাংশ। বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১.০৭ শতাংশ হওয়ার বিপরীতে এই ফলাফলকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ও সাধারণ শাখা মিলিয়ে ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২৩২ জন এবং সাধারণ শাখায় ২৩২ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ৭৬১ জন এ গ্রেড, ১৩১ জন এ-মাইনাস, ৩৭ জন বি এবং ১০ জন সি গ্রেড পেয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মাত্র চারজন শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হারের চেয়ে প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ৩৮.৬৫ শতাংশীয় পয়েন্ট বেশি। যদিও গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা কমেছে, তবুও বোর্ডের সামগ্রিক বিপর্যয়ের মুখেও প্রতিষ্ঠানটির প্রায় শতভাগ পাসের হারকে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, “এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমেছে, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে সামগ্রিক ফলাফলে ৯৯.৭২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আমাদের জন্য বড় অর্জন। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি আরও বলেন, “আমরা শুধু জিপিএ-৫-এর সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের সাফল্য মূল্যায়ন করতে চাই না। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং উচ্চশিক্ষার জন্য তাদের প্রস্তুত করাকে আমরা বেশি গুরুত্ব দিই। ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী উন্নতির পরিকল্পনা নেওয়া হবে।”
কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, “জিপিএ-৫-এর সংখ্যা কমলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় তা’মীরুল মিল্লাতের পাসের হার এবং বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্তি প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যকে তুলে ধরে। এ কারণে আমরা প্রতিষ্ঠানটিকে বোর্ডসেরা ফলাফলের অন্যতম দাবিদার হিসেবে দেখছি।”