উপজেলা প্রতিনিধি, শনিবার (৩১ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রতিবেদনের মূল অংশসমূহ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করায় আটজন শিক্ষক থাকা সত্ত্বেও কলেজের শতভাগ অকৃতকার্যের ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। আটজন শিক্ষক কর্মরত থাকার পরও একজন পরীক্ষার্থীর পাস করতে না পারার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল বলেন, “এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে।”
২০০২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দুই দশকের বেশি সময় পার হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নিজস্ব কোনো পাকা অ্যাকাডেমিক ভবন নেই। টিনশেড ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।