তফসিরুল করিম
কুবি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ-সংক্রান্ত আইন ও সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষিদ্ধ সাংগঠনিক তৎপরতা, সহিংসতা, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে একটি বাসযোগ্য রাষ্ট্র হিসেবে বিনির্মাণ এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী এবং তাদের ষড়যন্ত্র ও দেশবিরোধী চক্রান্তের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক রাখতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্রদলের সব শিক্ষার্থীকে সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার অংশ হিসেবেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, সরকারবিরোধী চক্রান্ত, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এসবের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল ও অনুষদগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের নেতৃত্বে আয়োজিত এ মিছিলকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দলীয় সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার ও অরাজকতা প্রতিহত করতে প্রত্যেক নেতাকর্মীকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।’