জেলা সংবাদদাতা, চট্টগ্রাম
শনিবার (৭ নভেম্বর), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যাওয়ায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫)। আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, “কুমিল্লার বুড়িচং থেকে তিশা পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার যাচ্ছিল। পথে সাতকানিয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।”
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।