ববি প্রতিনিধি,
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা। বাংলাদেশ সরকারের মাধ্যমে তিনি সম্মেলনে অংশগ্রহণের জন্য ‘পার্টি ওভারফ্লো’ ব্যাজ অর্জন করেছেন।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ এই জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে কাজ করা তরুণরাও অংশ নেবেন। সেখানে বাংলাদেশের তরুণদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাবেন সোহেল রানা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে তার এই অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক এই সম্মেলনে একজন শিক্ষার্থী হিসেবে সোহেলের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি দেশের তরুণ সমাজের জন্যও অনুপ্রেরণার।
সোহেলের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সিরাজিস সাদিক। তিনি বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থী সোহেল রানার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ও সংকটময় একটি বিষয়ে বিশ্বমঞ্চে তরুণদের ভাবনা তুলে ধরার এই সুযোগ আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি, সে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এমন বাস্তবতায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দেশের তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ ধরনের মঞ্চে সোহেল রানার উপস্থিতি বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণদের চিন্তা, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ তৈরি করবে।