আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবামূলক সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি দেবেন্দ্র কলেজে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বাঁধনের সদস্য, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে বৃক্ষরোপণের মাধ্যমে শেষ হয়।
পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মাহফিল খান।
আলোচনা সভায় বক্তারা বাঁধনের ২৯ বছরের পথচলা, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম এবং মানবিক সেবায় সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষের স্বেচ্ছায় এগিয়ে আসাই মানবতার অন্যতম বড় দৃষ্টান্ত। তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে বাঁধনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বাঁধনের সভাপতি মো. তানবীর আহমেদ সিফাত, সাধারণ সম্পাদক সাথী সরকার এবং আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মো. সাব্বির খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মাহফিল খান বাঁধনের স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে বাঁধনের সদস্যরা ভবিষ্যতেও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।