নিউজ ডেস্ক
বুধবার (১১ নভেম্বর ২০২৬), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।
ভর্তি পরীক্ষার ফি ও সময়সূচি
এবার চারটি ইউনিটের ভর্তি আবেদনের ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটের আবেদন ফি ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে।
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর এবং আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তির শর্ত ও পরীক্ষা পদ্ধতি
আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত থাকলেও বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট বাদে অন্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, যার মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।