দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি
পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি দেবেন্দ্র কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সরকারি দেবেন্দ্র কলেজ প্লাটুন।
বুধবার (১১ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসির ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় কলেজের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া ক্যাডেটরা বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু নির্দিষ্ট কোনো কর্মসূচিতে নয়, নিয়মিতভাবে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।
বিএনসিসির এ উদ্যোগকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরকারি দেবেন্দ্র কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।