নেত্রকোণা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে নেত্রকোণার কলমাকান্দায় স্কুল শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে।
উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার ও সদস্য কামরুজ্জামান রাকিব প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে লাল কার্ড প্রদর্শন করে বলেন, মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে তারা আজীবন সোচ্চার থাকবে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনের সব সদস্যই শিক্ষার্থী। তারা প্রতিদিনের টিফিনের টাকায় সঞ্চয় করে সারাদেশে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কর্মসূচি এবং গাছের চারা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় সফরে থাকা সংগঠনের একটি টিম নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।