বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । যশোরের বাঘারপাড়ায় তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ মঙ্গলবার সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনাা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এবং যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহম্মদ সেলিমুজ্জামান।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার ধলগ্রাম রাস্তা, চাড়াভিটা ও সদরের চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় উপজেলা পরিষদ সংলগ্ন চৌরাস্তায় কুন্ডু সুইটসের দৈ ও ঘি’য়ের ভাড়ে বিএসটিআই এর সিল, উৎপাদনের তারিখ, দোকানে মূল্য তালিকা এবং যথাযথ কর্তৃপক্ষের হালনাগাদ লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা, একই অপরাধে এর বিপরীত পাশেই মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের তৈরিকৃত দৈ ও ঘি’এর মান যাচাইয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে যশোর-নড়াইল সড়কের ধলগ্রাম রাস্তার মোড়ে ফুরকান বেকারিতে মেয়াদহীন বাসি খাবার প্যাকেটে করে বাজারজাতকরণ, ট্যানারিতে ব্যবহার্য লবন ও এমোনিয়া ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর চাড়াভিটা বাজরের মোল্যা ফুডস নামের বেকারিতে তৈরিকৃত খাবারে নকল উৎপাদনের তারিখ বসানো, ক্ষতিকর রাসায়নিক রঙ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরির অভিযোগে একই ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই বেকারিতেই ক্ষতিকর রাসায়নিক ও বাসি খাবার ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে বিশেষ সহযোগিতা প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মনিরা খাতুন এবং ক্যাব (কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ) এর যশোর জেলা শাখার সদস্য জনাব রাকিব সরদার।