|সাব্বির হোসেন, গ্রীন ইউনিভার্সিটি প্রতিনিধি|
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের মিডিয়া ল্যাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিজ্ঞাপন তৈরি’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আধুনিক বিজ্ঞাপন নির্মাণের ধারণা, কৌশল ও বাস্তব প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক নাহিদ হাসান। তিনি একটি বিজ্ঞাপন তৈরি করতে যে ধাপগুলো অনুসরণ করা প্রয়োজন যেমন ধারণা নির্বাচন, চিত্রনাট্য রচনা, স্টোরিবোর্ড তৈরি,কস্টিউম, আর্ট ও পপস, দৃশ্যধারণ, গ্রাফিক্স, সংগীত নির্বাচনসহ পুরো নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি নিজের নির্মিত বিভিন্ন বিজ্ঞাপনের কাজ শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করেন।
আলোচনায় নাহিদ হাসান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চ্যাটজিপিটি ও জেমিনাই ব্যবহার করে কীভাবে স্টোরিবোর্ড তৈরি করা যায়, সে বিষয়ে বাস্তব উদাহরণ তুলে ধরেন। তিনি দেখান, বর্তমানে কীভাবে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিজ্ঞাপন নির্মাণ করছে এবং এতে সময় ও সৃজনশীলতার নতুন মাত্রা যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের অনেক বিজ্ঞাপন দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারছে না, অথচ আগের দিনের বিজ্ঞাপনগুলো এখনও নস্টালজিক অনুভূতি তৈরি করে। এর মূল কারণ হিসেবে তিনি দর্শকের মনোযোগ ধরে রাখার সময়সীমা (এটেনশন টাইম)-এর বিষয়টি ব্যাখ্যা করেন এবং বলেন, আধুনিক বিজ্ঞাপন নির্মাণে এই দিকটি বিশেষভাবে বিবেচনা করা জরুরি।
কর্মশালার একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচক নাহিদ হাসান। এতে বিজ্ঞাপন নির্মাণে আগ্রহী শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা লাভ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক মঞ্জুর কিবরিয়া ভুঁইয়া, জান্নাতুল ফেরদাউস মিম এবং মিডিয়া ল্যাবের কো-অর্ডিনেটর মাহাদি মুনতাসির।