দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩নং কক্ষ থেকে ২১ বোতল বিদেশী মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ আটক করেন তাকে।
আটক ছাত্রদল কর্মীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
জানা যায়, অভিযুক্ত আজওয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজনের অনুসারী। এছাড়া সে গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসুর হল সংসদ থেকে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ১০ টার দিকে ওই হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশী মদসহ তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তাঁর গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন। প্রতি বোতল ৭০০ টাকা দরে কিনেছেন।
অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, আজকে রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা হল প্রশাসন ও হল সংসদ হলের ৭২৩ নাম্বার রুমে সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২০ বোতল মদ জব্দ করি।
তিনি আরও বলেন, এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ ক্রমে বিশ্বিবদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট বলেন, আমাদের হলে ওই শিক্ষার্থী এ ব্লকের ১৩৯ নম্বর রুমে ছিল। কিন্তু রুমের পরিবেশ দেখে মনে হয় দীর্ঘদিন সে হল থাকে না। এই মুহূর্তে তার রুম বাজেয়াপ্ত করেছি। ছাত্র বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।