রাবি প্রতিনিধি | আগামীকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ দেড় বছর পর, গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এই সাধারণ নির্বাচন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল এই অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদের এই ঐতিহাসিক যাত্রালগ্নকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দল-মত নির্বিশেষে জুলাইয়ের সব শক্তিই যখন সংসদে যাচ্ছে, তখন আমাদের চাওয়াটা খুব স্পষ্ট। এই সংসদ যেন শুধু ক্ষমতার প্রতীক না হয়ে শহিদদের রক্তের কাছে দায়বদ্ধতার জায়গা হয়।”
জুলাই বিপ্লবের অন্যতম শহিদ ওসমান হাদিন স্মরণে বিশেষ দাবি উত্থাপন করে সালাউদ্দীন আম্মার বলেন, “এই অধিবেশন শুরু হোক শহিদদের স্মরণ করে এবং ন্যায়বিচারের অঙ্গীকার দিয়ে। বিশেষ করে শহিদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে সংসদের প্রথম দিনটিই হোক ‘হাদিময়’।”
তিনি আরও যোগ করেন, যে তরুণ নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল, তার রক্ত যেন কেবল স্লোগানে সীমাবদ্ধ না থাকে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান থেকেই ন্যায়বিচারের প্রকৃত পথচলা শুরু হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।