তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।কেন্দ্রটিতে ১,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন। অনুপস্থিত ১৭২ জন। উপস্থিতির হার ৮৫.২৪ শতাংশ।
গত শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সি ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা আয়োজনে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।”
ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়।পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া আগামী ৩ এপ্রিল বি(মানবিক) ইউনিট ও ১০ এপ্রিল “এ”(বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।