মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কেন্দ্র নং ৩/১২৭ এর ভেন্যু মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে প্রাক-প্রস্তুতি পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের একটি প্রতিনিধিদল।
সোমবার, ৬ এপ্রিল সকাল ১০টায় বোর্ডের পরিদর্শন টিম কেন্দ্র পরিদর্শনে উপস্থিত হন। প্রতিনিধিদলে ছিলেন সেকশন অফিসার মুহাম্মদ হাসান, সেকশন অফিসার আবদুল কাইয়ুম এবং কলেজ সেকশন অফিসার নাসিরুদ্দিন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। পরে তারা কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা কক্ষ, অবকাঠামোগত সুবিধা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তারা কক্ষগুলোর পরিচ্ছন্নতা, প্রশস্ততা এবং নিরিবিলি পরিবেশের প্রশংসা করেন।
এছাড়া মনোরম ও সুবিশাল ক্যাম্পাস এবং পরীক্ষার অনুকূল পরিবেশ দেখে বোর্ড কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ কেন্দ্রে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন হবে।
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।