খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসরিন নাহার নামে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগার পর তাকে দ্রুত সরিয়ে নেওয়া হলে বারান্দায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত নাসরিন নাহার খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে হাসপাতালের কিছু আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।