জাককানইবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ মে হতে ১১ জুন পর্যন্ত পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ২৫ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।আরও উল্লেখ করা হয় ২০ মে (বুধবার) হতে ০৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছুটি থাকা সত্ত্বেও নজরুল জন্ম-জয়ন্তী ২০২৬ এর অংশ হিসেবে ২৫ মে ২০২৬ সকাল ১০.০০ ঘটিকায় নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং উক্ত অনুষ্ঠানে সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ছুটির পর ২৪-২৫শে জুন বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্ম-জয়ন্তী ২০২৬ উদযাপন করা হবে।
পাশাপাশি ৩রা জুন ছুটির মধ্যেই পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে এবং ছুটির পর এর মূল অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হলে চাকুরী শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ছুটির পরবর্তী কর্মদিবসে স্ব স্ব বিভাগ বা দফতরের সকলের উপস্থিতি ও অনুপস্থিতি নিশ্চিত করে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।