দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম, উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।