অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জেরিন খাতুন উপজেলার সরদারপাড়া এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার বলেন, রোববার রাতের খাবার খেয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
সকালে তাকে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।