মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর চৌধুরীপাড়া গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসাইন চৌধুরীর দ্বিতীয় মেয়ে মিফতাহুল জান্নাত সায়মা বিশ্বের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়—হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজে ভর্তির সুযোগ পেয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা লাভ করেন এবং গত ২৪ জুলাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করবেন।
সায়মা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ বারাকেট ফ্যামিলি ফেলোশিপ অর্জন করেছেন। মেধা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে প্রতিবছর পুরো বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থী এ ফেলোশিপ লাভ করেন। পাশাপাশি তিনি আগা খান ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের আন্তর্জাতিক বৃত্তিও অর্জন করেছেন।
হার্ভার্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, ডিজিটাল ও সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন অধ্যয়ন বিষয়ে দুটি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন ও শিক্ষা, বৈশ্বিকীকরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আরও দুটি ভর্তির প্রস্তাব পান। সব মিলিয়ে বিশ্বের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি ভর্তির সুযোগ পেয়েও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেছে নেন।
সায়মার রয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা। তিনি ফ্রান্সের একটি খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এক্সচেঞ্জ সেমিস্টার সম্পন্ন করার পাশাপাশি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের হংকং কার্যালয়ে ইন্টার্নশিপ করেছেন।
তিনি বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে স্নাতক সম্পন্ন করেন। শিক্ষাবিদদের মতে, সায়মার এই অসাধারণ অর্জন শুধু লোহাগাড়া বা চট্টগ্রামের জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।