আহম্মদ আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়
সোমবার (২৭ জুলাই), বিকেল ৪টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা। সম্পদ থাকলেও জ্ঞানের অভাবে তা বোঝা হয়ে দাঁড়ায়। মানুষ তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োগেই পৃথিবীকে বদলে দিয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে যেসব দেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল, যা ভবিষ্যতে দেশ-বিদেশে নতুন পথ চলার প্রেরণা জোগাবে। মেধাবীদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা দেশের জন্য আরও বেশি গৌরব বয়ে আনতে পারবে।
আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছ, তোমাদের অর্জনে আমরা গর্বিত। তোমাদের মনে রাখতে হবে, আজকের বিশ্ব শুধুই সম্পদের ওপর নির্ভর করে না। তাই তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।
ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬-এর আহ্বায়ক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইতি খান মিতু।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।