মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকদের ওপর হামলা, ভাঙচুর ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে দুই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে রেড টিসি (Red TC) প্রদান করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর এক শিক্ষার্থীকে মুচলেকা গ্রহণের শর্তে অভিভাবক ও ম্যানেজিং কমিটির জিম্মায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ৪ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এসেম্বলি চলাকালে শিক্ষক আবু জাফর ও আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে বেলা ১২টার দিকে স্থানীয় কিশোর গ্যাং ও বহিরাগত ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— দশম শ্রেণির সাধারণ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজাদ হোসেন ও মোহাম্মদ রিদওয়ানুল হক। তদন্ত ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জিদান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সরাসরি হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। শিক্ষকদের সুপারিশের ভিত্তিতে তাকে ক্ষমা করা হয়। তিনি ও তার অভিভাবক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
ঘটনার তদন্ত ও শুনানি শেষে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ সোলাইমান। তিনি জানান, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।