তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুবিধার্থে এই স্কুলটি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সন্তানদেরই নয়, এলাকাবাসীর সন্তানদেরও এখানে ভর্তির সুযোগ দিচ্ছি এবং অভিভাবকদের সাধ্যের কথা বিবেচনা করে ব্যয় নির্ধারণ করা হবে।”
উপাচার্য আরও বলেন, “এই স্কুলে বর্তমানে ৫ জন শিক্ষক অবৈতনিকভাবে পাঠদান করছেন। মানসম্মত শিক্ষার স্বার্থে তাদের বেতনভাতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে অনুমোদন নেওয়া হয়েছে এবং আশা করছি দ্রুতই স্কুলটি সরকারিকরণ সম্ভব হবে।”
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত পাঁচতলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলার আয়তন ১১,৫০০ বর্গফুট। স্কুলটি সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবে বলে উপাচার্য জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।