প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর), দুপুর ১টা ১৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার ত্রীপল্লি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক ও স্থানীয় সুধীজনদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শিপন মুন্সী বলেন, “বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। টেস্ট পরীক্ষায় পাস না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। এ সিদ্ধান্তের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের পরীক্ষার আগে থেকেই নিয়মিত ও মনোযোগী পড়াশোনায় ফিরিয়ে আনা।”
অভিভাবক সাইফুল সর্দার বলেন, “সন্তানের পড়াশোনার দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও। প্রত্যেক অভিভাবককে নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের পড়াশোনার খোঁজ নিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সে বিষয়েও নজর রাখতে হবে।”
সভায় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও শিষ্টাচার শেখাতে পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দেন। এছাড়া, কোনো শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে না এলে বা অসদাচরণ করলে বিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
প্রধান শিক্ষক নিখিল হাজরা বলেন, “বিদ্যালয়ের ফলাফল উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। বর্তমান পরিচালনা কমিটির অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের হারানো সুনাম ফিরে আসবে বলে আমি আশাবাদী।”