নোবিপ্রবি প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, সকাল ১১টা ২৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে আটকে মারধর ও দীর্ঘদিনের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বিভাগের উচ্চতর বর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভাগের একটি কক্ষে ২১তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম রকিকে ডেকে নিয়ে মারধর করেন ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দিন চৌধুরী।
ভুক্তভোগী শিক্ষার্থী জহিরুল ইসলাম রকি জানান, গত বৃহস্পতিবার ‘সেশনের’ কথা বলে তাকে বিভাগের একটি শ্রেণিকক্ষে ডেকে নেওয়া হয়। একপর্যায়ে ২১তম ব্যাচের নারী শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দিয়ে রিয়াজ উদ্দিন চৌধুরী তাকে প্রকাশ্যে মারধর করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং বর্তমানে ক্যাম্পাসে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত বোধ করছেন।
রকি বলেন, “আমাকে ডিপার্টমেন্টের মধ্যে আটকে রেখে সবার সামনে মারধর করা হয়েছে। ওই সময় আমি খুব ভয় পেয়ে যাই। এখনও বিষয়টি মনে পড়লে আতঙ্ক লাগে।”
ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় তাকে কান ধরে দাঁড় করানো, এক পায়ে দাঁড় করিয়ে রাখা এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। র্যাগিংয়ের অংশ হিসেবে তাকে বিভাগের নোটিশ গ্রুপ থেকে ২০ থেকে ২৫ দিন সরিয়ে রাখা হয়েছিল, যার ফলে তিনি ক্লাস ও পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেননি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, “আমাদের ২০ ব্যাচ ও ২১ ব্যাচের মধ্যে একটি অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছিল। আসলে ঘটনাটি হঠাৎ উত্তেজনার মুহূর্তে ঘটে গেছে। আমিই হাত তুলে ফেলেছি। আমি বুঝতে পারছি, এটা আমার ভুল হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম. আরিফুর রহমান বলেন, “আমার কাছে ভুক্তভোগী শিক্ষার্থী ফোন করে বিষয়টি জানিয়েছে। আমি তাকে বিভাগীয় চেয়ারম্যানকে জানানোর কথা বলেছি এবং লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।”